Just Talk Creation

Header Ads Widget


 

Logo Creation


 

Advertisement




 

রাগের ওষুধ


 রাগের ওষুধ

সুকুমার রায়


কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন, কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না।

একদিন তিনি মুখখানা বিষণ্ণ ক'রে বসে আছেন, এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, 'কি হে কেদারকেষ্ট, মুখখানা হাঁড়ি কেন?"

কেদারবাবু বললেন, "আর মশাই, বলবেন না। আমার সেই রূপোবাঁধানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল— মুখ হাঁড়ির মত হবে না তো কি বদনার মত হবে?"

মাস্টারমশাই বললেন, 'বল কি হে? এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয়— অমনি খামখা ভেঙে গেল, এর মানে কি?'

কেদারবাবু বললেন, 'খামখা ভাঙতে যাবে কেন— কথাটা শুনুন না। হল কী,— কাল রাত্রে আমার ভালো ঘুম হয় নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসব, এমন সময় কল্কেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন প'ড়ে গেল। আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি অমনি কিনা আঙ্গুলে ছ্যাঁক্ করে ফোস্কা প'ড়ে গেল। আছা, আপনিই বলুন— এতে কার না রাগ হয়? আরে, আমার হুঁকো, আমার কল্কে, আমার আগুন, আরাম ফরাস, আবার আমার উপরেই জুলুম! তাই আমি রাগ ক'রে— বেশি কিছু নয়— ঐ মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান্ খান্!'

মাস্টারমশাই বললেন, 'তা যাই বল বাপু, এ রাগ বড় চণ্ডাল— রাগের মাথায় এমন কাণ্ড ক'রে বস, রাগটা একটু কমাও।' 'কমাও তো বললেন— রাগ যে মুখের কথায় বাগ মানবে— এ রাগ আমার তেমন নয়।'

'দেখো, আমি এক উপায় বলি। শুনেছি, খুব ধীরে ধীরে এক দুই তিন ক'রে দশ গুনলে— রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে দশ-বারোতে কূলোবে না— তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো।'

তারপর একদিন কেদারবাবু ইস্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগল। আর যায় কোথা! কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে সটান চম্পট্। তখন কেদারবাবুর মনে হল মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা ক'রে দেখি। তিনি আরম্ভ করলেন, এক-দুই-তিন-চার-পাঁচ-

ইস্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়্বিড়্ করে অঙ্ক বলছে, তাই দেখে ইস্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনল। একজন বলল, 'কী হয়েছে মশাই?' কেদারবাবু বললেন, 'ষোল-সতেরো-আঠারো-উনিশ-কুড়ি-'

সকলে বলল, 'এ কী? লোকটা পাগল হল নাকি?— আরে, ও মশাই, বলি অমনধারা কচ্ছেন কেন?' কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও— তিনি গুনেই চলেছেন, 'ত্রিশ-একত্রিশ-বত্রিশ-তেত্রিশ-' আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করল, 'মশাই, আপনার কি অসুখ করেছে? কবরেজ মশাইকে ডাকতে হবে?' কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 'উনষাট-ষাট-একষট্টি-বাষট্টি-তেষট্টি-' দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল— চারিদিকে গোলমাল, হৈ চৈ। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন, ব্যাপারখানা কি! ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 'ছিয়ানব্বুই-সাতানব্বুই-আটানব্বুই-নিরেনব্বুই-একশো— কোন্ হতভাগা লক্ষ্মীছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুনলে রাগ থামে?' বলেই ডাইনে বাঁয়ে দুম্দাম্ লাঠির ঘা।

লোকজন আব ছুটে পালাল। আর মাস্টারমশাই এক দৌড়ে সে যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাদিন বেরোলেন না।


Taking copyright Strike. Can we get monetization, another videos watch time and subscribers ?কপিরাইট







 

মেয়েটি এবং ছেলেটি


 মেয়েটি এবং ছেলেটি

-সুবোধ সরকার


মেয়েটা এবং ছেলেটা একদিন বাড়ি থেকে পালালো

তারা আপাতত একটি অরণ্যের ভেতর ঘুরে বেড়াচ্ছে।

কিন্তু সারা শহরে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে

ছেলেটির মা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির মাকে

ছেলেটির দাদা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির দাদাকে

একটা কিছু হবে। কোনও একজনের লাশ পড়বে।

ওদিকে ছেলেটি আর মেয়েটি একটি গহন অরণ্যের ভেতর।

ছেলেটি মেয়েটিকে চুম্বন করছে

আপাতত মেয়েটির নাম আত্মহারা

ছেলেটির নাম উদভ্রান্ত।

কিন্তু সারা শহর ছেলেটির বাবা

খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে

সত্যি সত্যি তাদের দেখা হয়ে গেল একদিন

দুই বাবার সংলাপ:

: আপনার মেয়েটি একটা জিনিস

: আপনার ছেলেটি একটা বাঁদর

: আপনার মেয়েটি একটা চিড়িয়া

: আপনার ছেলেটি একটা নকশাল

ওদিকে বিহার উড়িষ্যা ছাড়িয়ে ওরা তখন অন্ধ্রের দিকে

ছেলেটি মেয়েটির হাত ধরল

মেয়েটি ছেলেটির কোমর ধরল।

তরপর তিনদিন তিনটে বাংলা কাগজে স্টোরি

কীভাবে তারা পালিয়েছে, কোন কলেজে পড়ে

মেয়েটির চরিত্র কেমন, ছেলেটিকে লোকাল কমিটি ডেকেছিল কেন

কিন্তু ওরা তখন অন্ধ্রপ্রদেশের সূর্যাস্ত দেখেছে।

বাবা-মা, থানা-পুলিশ এবং সংবাদপত্র

আপনারা পারেন কিন্তু, অসীম আপনাদের ক্ষমতা

পৃথিবীর কোথাও যখন কোনও ভালোবাসা নেই

দিন না, ছেলেমেয়ে দুটোকে একটু ভালোবাসতে।


চরমপত্র


 চরমপত্র

এম,আর আখতার মুকুল

বেপরোয়া ও অপ্রতিরোধ্য, দুঃসাহসী অথচ সংযত ও সহিষ্ণু ৬৩ বছর বর্ষীয় ‘চির যুবা’ এম আর আখতার মুকুল-সসেই যে ছোটবেলায় বাঙালি ঘরাণার রেয়াজ মাফিক দু’দুবার বাড়ি থেকে পরায়ন-পূর্ব দিয়ে শুরু করেছিলেন জীবনের প্রথম পাঠ-তারপর থেকে আজ অবধি বহু দুস্তর ও বন্ধুর চড়া-উৎরাই, বহু উত্থান-পতন ও প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে হলেও আর কখনও তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি; রণে ভঙ্গ দিয়ে পিছ পা হননি কোনও পরিস্থিতিতেই। যা আছে কপালে, এখন একটা জেদ নিয়ে রুখে দাঁড়িয়েছেন অকুতোভয়ে। যার ফলে শেষ পর্যন্ত সব ক্ষেত্রেই তার বিজয়ী মুকুটে যুক্ত হয়েছে একর পর এক রঙ্গিন পালক।

জীবিকার তাগিদে কখনও তাকে এজি অফিসে, সিভিল সাপ্লাই একাউন্টস, দুর্নীতি দমন বিভাগ, বীমা কোম্পানিতে চাকুরি করতে হয়েছে। কখনওআবার সেজেছেন অভিনেতা, হয়েছেন গৃহশিক্ষক, ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার, বিজ্ঞাপন সংস্থার ব্যবস্তাপনা পরিচালক, সুদূর লন্ডনে গর্মেন্টস ফ্যাক্টরিরর কাটার। প্রতিটি ভূমিকাতেই অনন্য সাফল্যের স্বাক্ষর। কখনও হাত দিয়েছেন ছাপাখান, আটা, চাল কেরোসিন, সিগারেট, পুরানো গাড়ি বাস-ট্রাকের ব্যবসায়। করেছেন ছাত্র রাজনীতি। ১৯৪৮-৪৯ সালে জেল খেটেছেন। জেল থেকেই স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অংশগ্রহণ করেছেন ভাষা আন্দোলনে, হাসিমুখে বরণ করেছেন বিদেশের মাটিতে সাড়ে তিন বছরের নির্ভাসিত জীবন; যখনই যা-কিছু করেছেন, সেটাকেই স্বকীয় মহিমায় সমুজ্জ্বল করে তুলেছেন। সাংবাদিকতা পেশায় নিযোজিত ছিলেন প্রায় দুই যুগের মতো। কাজ করেছেন বেশ কিছু দেশী-বিদেশী পত্র-পত্রিকা ও বার্তা সংস্থায়- বিভিন্ন পদ ও মর্যাদায়। বেশিরভাগ সময় কেটেছে দুধর্ষ রিপোর্টার হিসেবে। সফরসঙ্গী হয়েছেন মেরে বাংলা, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, ইস্কান্দার মীর্জা, আইয়ুব খান, বঙ্গবন্ধু, তাজউদ্দিন ভুট্টোর মতো বড় নেতাদের। সাংবাদিক হিসেবে ঘুরেছেন দুই গোলাধ্র্বের অসংখ্য দেশ। দেখেছেন বিচিত্র মানুষ, প্রথ্যক্ষদর্শী হয়েছেন বহু রুদ্ধশ্বাস চাঞ্চল্যকর ঘটনা প্রবাহের, সাক্সী ছিলেন বহু ঐতিহাসিক মুহূর্তের। বহুমাত্রিক অভিজ্ঞতা সমৃদ্ধ জীবন। বঙ্গবন্ধুর উষ্ণ সান্নিধ্য ও ভালবাসা তার জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি।

এ কি অপরূপ রূপে মা তোমায়


 এ কি অপরূপ রূপে মা তোমায়

কাজী নজরুল ইসলাম


এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।

ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি॥

রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,

আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।

ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল’য়ে অশনি॥

কেতকী-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা,

পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।

তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী॥

শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,

শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগামনী-গীত গাহিয়া।

অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনি॥

শীতের শূন্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা,

ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো, কীর্তন শোনো রাতে মা।

ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী॥


কৃষ্ণকলি


 কৃষ্ণকলি

রবীন্দ্রনাথ ঠাকুর

কৃষ্ণকলি আমি তারেই বলি,

কালো তারে বলে গাঁয়ের লোক।

মেঘলা দিনে দেখেছিলেম মাঠে

কালো মেয়ের কালো হরিণ-চোখ।

ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,

মুক্ত বেণী পিঠের ওপর লোটে।

কালো?তা সে যতই কালো হোক ,

দেখেছি তার কালো হরিণ চোখ।

ঘন মেঘে আঁধার হল দেখে

ডাকতেছিল শ্যামর দুটি গাই,

শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে

কুটির হতে ত্রস্ত এল তাই।

আকাশ পানে হানি যুগল ভুরু

শুনলে বারেক মেঘের গুরুগুরু।

কালো?তা সে যতই কালো হোক ,

দেখেছি তার কালো হরিণ চোখ।

পূবে বাতাস এল হঠাত্ ধেয়ে,

ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।

আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,

মাঠের মাঝে আর ছিলনা কেউ।

আমার পানে দেখলে কিনা চেয়ে,

আমি জানি আর জানে সে মেয়ে।

কালো ? তা সে যতই কালো হোক,

দেখেছি তার কালো হরিণ-চোখ।

এমনি করে কাজল কালো মেঘ

জ্যৈষ্ঠমাসে আসে ঈসান কোণে।

এমনি করে কালো কোমল ছায়া

আষাঢ় মাসে নামে তমাল বনে।

এমনি করে শ্রবণ-রজনীতে

হঠাত্ খুশি ঘনিয়ে আসে চিতে।

কালো?তা সে যতই কালো হোক ,

দেখেছি তার কালো হরিণ চোখ।

কৃষ্ণকলি আমি তারেই বলি,

আর যা বলে বলুক অন্যলোকে।

দেখেছিরেম ময়নাপাড়ার মাঠে

কালো মেয়ের কালো হরিণ চোখ।

মাথার পরে দেয়নি তুলে বাস,

লজ্জা পাবার পায়নি অবকাশ।

কালো?তা সে যতই কালো হোক ,

দেখেছি তার কালো হরিণ চোখ।



আমার কুঁড়েঘরে


 আমার কুঁড়েঘরে

- হুমায়ুন আজাদ---সংকলিত (হুমায়ুন আজাদ)


আমার কুঁড়েঘরে নেমেছে শীতকাল

তুষার জ’মে আছে ঘরের মেঝে জুড়ে বরফ প’ড়ে আছে

গভীর ঘন হয়ে পাশের নদী ভ’রে

বরফ ঠেলে আর তুষার ভেঙে আর দু-ঠোঁটে রোদ নিয়ে

আমার কুঁড়েঘরে এ-ঘন শীতে কেউ আসুক


আমার গ্রহ জুড়ে বিশাল মরুভূমি

সবুজ পাতা নেই সোনালি লতা নেই শিশির কণা নেই

ঘাসের শিখা নেই জলের রেখা নেই

আমার মরুভূর গোপন কোনো কোণে একটু নীল হয়ে

বাতাসে কেঁপে কেঁপে একটি শীষ আজ উঠুক


আমার গাছে গাছে আজ একটি কুঁড়ি নেই

একটি পাতা নেই শুকনো ডালে ডালে বায়ুর ঘষা লেগে

আগুন জ্ব’লে ওঠে তীব্র লেলিহান

বাকল ছিঁড়েফেড়ে দুপুর ভেঙেচুরে আকাশ লাল ক’রে

আমার গাছে আজ একটা ছোট ফুল ফুটুক


আমার এ-আকাশ ছড়িয়ে আছে ওই

পাতটিনের মতো ধাতুর চোখ জ্বলে প্রখর জ্বালাময়

সে-তাপে গ’লে পড়ে আমার দশদিক

জল ও বায়ুহীন আমার আকাশের অদেখা দূর কোণে

বৃষ্টিসকাতর একটু মেঘ আজ জমুক


আমার কুঁড়েঘরে নেমেছে শীতকাল

তুষার জ’মে আছে ঘরের মেঝে জুড়ে বরফ প’ড়ে আছে

গভীর ঘন হয়ে পাশের নদী ভ’রে

বরফ ঠেলে আর তুষার ভেঙে আজ দু-ঠোঁটে রোদ নিয়ে

আমার কুঁড়েঘরে এ-ঘন শীতে কেউ আসুক।